Views Bangladesh Logo

বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ইয়ংওয়ান চেয়ারম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে বাংলাদেশে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। তিনি ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথম বাংলাদেশে আসেন।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার হাতে নাগরিকত্বের দলিল হস্তান্তর করেন।

বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কিহাক সাংসহ মোট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়।

এসময় সাং বলেন, ‘এই সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত।’

২০১৮-২০২০ মেয়াদে আন্তর্জাতিক টেক্সটাইল নির্মাতা ফেডারেশনের (আইটিএমএফ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কিহাক সাং ইয়ংওয়ান করপোরেশনের রূপান্তরমূলক নেতৃত্বের জন্য সুপরিচিত। ১৯৮০ সালে তৈরি পোশাক রপ্তানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইয়ংওয়ান বাংলাদেশের নারীনির্ভর শ্রমবাজারে উল্লেখযোগ্য অবদান রাখে। প্রতিষ্ঠানের বৈশ্বিক সফলতা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরেছে।

তার নেতৃত্বেই ইয়ংওয়ান চট্টগ্রাম, ঢাকা এবং কোরিয়ান ইপিজেডে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে তিনি ‘অর্ডার অব ইন্ডাস্ট্রিয়াল মেরিট গোল্ড টাওয়ার’ পদকে ভূষিত হন। বর্তমানে তিনি কোরিয়ান ফেডারেশন অব টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ (কোফোটি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, চীন, ভারতসহ বিভিন্ন দেশে ইয়ংওয়ানের কার্যক্রম সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ