ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
শনিবার পেরুর লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের সাইডলাইনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে শি এই প্রতিশ্রুতি দেন।
দুই ঘণ্টার বৈঠকে শি বলেন, চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা, সুস্বাস্থ্য এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে চীনের অবস্থান অপরিবর্তিত।
তিনি বলেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, সহযোগিতা বৃদ্ধি এবং মতপার্থক্য মেটানোর জন্য চীন প্রস্তুত।
বাইডেন বলেন, দুজনের মধ্যে সব বিষয়ে একমত না হলেও তাদের আলোচনা ছিল খোলামেলা এবং স্পষ্ট।
এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ট্রাম্প শপথ নেওয়ার জন্য মাত্র দুই মাস অপেক্ষায় রয়েছেন। ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০% শুল্ক আরোপসহ ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে কঠোর বাণিজ্য পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যাতে নিয়ে চীনের আপত্তি রয়েছে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্র চীন-সম্পর্কিত সাম্প্রতিক সাইবার হামলা, তাইওয়ানের ওপর চীনের চাপ এবং রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বিগ্ন। বাইডেনও চীনের সহযোগিতায় উত্তর কোরিয়ার ইস্যু সমাধানের ওপর জোর দিয়েছেন।
এদিকে তাইওয়ানকে নিয়েও দুই দেশের বৈরিতা রয়েছে। চীন তাইওয়ানকে নিজের অংশ মনে করে, তবে যুক্তরাষ্ট্রও এ দেশটির অন্যতম সহযোগী এবং অস্ত্র সরবরাহকারী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে