Views Bangladesh Logo

এনবিআর ভেঙে দুই বিভাগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি পৃথক সংস্থা গঠনের জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ এই রিটটি দায়ের করেন বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রিট আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে অধ্যাদেশটিকে অসাংবিধানিক এবং আইন বহির্ভূত ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আদালতের রায় না আসা পর্যন্ত এর কার্যকারিতা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।

সূত্র বলছে, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

আইনজীবী জুয়েল আজাদ বলেন, ‘এনবিআর একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছিল। প্রয়োজনে সংস্কারের মাধ্যমে এর দক্ষতা বাড়ানো যেত। কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত না নিয়েই এত বড় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা গণতান্ত্রিকও নয়, সাংবিধানিকও নয়।’

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, সংসদীয় প্রক্রিয়া এড়িয়ে কেবলমাত্র একটি অধ্যাদেশের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে আদালত রুল জারি করলে নতুন গঠিত বিভাগগুলোর আইনগত অবস্থান ভবিষ্যতে বিচারিক পর্যালোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে।

উল্লেখ্য, গত ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত ঘোষণা করে এবং দুটি নতুন বিভাগ— ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’—গঠনের সিদ্ধান্ত জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ