দৃক গ্যালারিতে চলছে বিশ্ব প্রেস ফটো প্রদর্শনী
রাজধানী ঢাকার দৃক গ্যালারিতে চলছে ১৬ দিনের ওয়ার্ল্ড প্রেস ফটো (ডব্লিউপিপি) ২০২৪ প্রদর্শনী। ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের অংশীদারিত্বে প্রদর্শনীটির আয়োজক দৃক পিকচার লাইব্রেরি।
প্রদর্শনীতে সারা বিশ্বের সেরা আলোকচিত্র সাংবাদিকতা এবং ডকুমেন্টারি ফটোগ্রাফি প্রদর্শিত হচ্ছে। ফাউন্ডেশনের বার্ষিক ফটো প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সেগুলোকে নির্বাচন করেছেন স্বাধীন জুরিরা।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দৃকপাঠ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী ও এর ঢাকা সংস্করণের প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুয়েরেন, জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত আইরিন খান এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার জুরি বোর্ডের সাবেক সভাপতি শহিদুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড প্রেস ফটো কনটেস্ট ২০২৪-এর এশিয়া অঞ্চলের সমন্বয়ক এ এস এম রেজাউর রহমান।
শহীদুল আলম বলেন, ‘১৯৯৩ সালে দৃকে ডব্লিউপিপি প্রদর্শনীর সিদ্ধান্ত নেই। তখন শর্ত ছিল, এটি এমন একটি দেশে প্রদর্শন করতে হবে, যেখানে সেন্সর করা যাবে না। কিছু ছবি স্পর্শকাতর। আর পূর্বশর্ত হলো সবগুলোই অসম্পাদিত অবস্থায় প্রদর্শন করতে হবে। এই প্রদর্শনীতে আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা অর্জন উদযাপনের সুযোগটি নিয়েছি এবং একটি বিশেষ সময়ে যখন আমরা জাতির জন্য কাজ করতে চাই’।
রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুয়েরেন বলেন, ‘প্রদর্শনীটি ফটো সাংবাদিকতা এবং বেশিরভাগ সাংবাদিক, যাদের প্রযুক্তির অ্যাক্সেস নেই তাদের জন্য এবং তাদের চিত্রে রয়েছে শক্তিশালী বার্তাও’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে