Views Bangladesh Logo

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরে আমিতি সুয়েটার কারখানা বন্ধের প্রতিবাদে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন প্রায় আড়াইশ শ্রমিক। তারা কারখানাটি পুনরায় চালুর দাবিতে এ কর্মসূচি পালন করেন। এতে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এর আগে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত তারা বিস্মিত হয়েছেন। তারা আগে থেকেই এই ছাঁটাইয়ের বিষয়ে অবগত ছিলেন না। এ কারণে তারা কারখানা চালুর দাবিতে রাস্তায় নামেন।

গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক রাজীব হোসেন বলেন, ‘আমিতি সুয়েটার কারখানা গতকাল ছাঁটাই ঘোষণা করেছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। আজ সকালে শ্রমিকরা কারখানায় ঢুকতে না পেরে মহাসড়কে বিক্ষোভ করেন।’

তিনি আরও বলেন, ‘সকাল ১০টার দিকে শ্রমিকরা এখনও কারখানার সামনে জড়ো ছিলেন। বিষয়টি সমাধানে শিল্প পুলিশ, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।’

প্রতিবাদের পর কারখানা কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে। এতে উল্লেখ করা হয়, ২৪ নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী ছাঁটাই কার্যকর করা হবে। ছাঁটাই চলাকালীন শ্রমিকরা আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন এবং তাদের কারখানায় উপস্থিত থাকতে হবে না।

গাজীপুর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বলেন, ‘সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। যান চলাচল পুনরায় শুরু হলেও প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট রয়ে গেছে, যা যাত্রীদের ভোগান্তির কারণ হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ