টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গরম পানি ছুড়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে গাজীপুরের সৃজন’স ড্রেসেস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শ্রমিক একত্র হয়ে বকেয়া বেতনের দাবিতে সড়কে নামলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ বারবার চেষ্টা করেও শ্রমিকদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড মেরে এবং গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
বিক্ষোভকারী শ্রমিক আক্তার বলেন, ‘ঈদের আগে আমাদের অর্ধেক বেতন ও অর্ধেক বোনাস দেয়া হয়েছিল। বলা হয়েছিল, ঈদের পরে বাকি টাকা দেয়া হবে। কিন্তু এখনো কিছুই পাইনি। বাসাভাড়া চাইলে বাড়িওয়ালা বলে আশ্বাসে ভরসা করা যাবে না, দোকানদারও বাকির টাকা চায়। সরকার যদি পাশে না দাঁড়ায়, তাহলে আমরা কোথায় যাবো?’
আরেক শ্রমিক রহমত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। হঠাৎ আমাদের ওপর গরম পানি ছোড়া হয়। শ্রমিকের ন্যায্য দাবি কি এভাবে দমন করা যায়?’
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর ওসি ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকদের রাস্তা থেকে সরানো হয়েছে। মালিকের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে