দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি নারী সাংবাদিক কেন্দ্রের
দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের নির্মম ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। একই সঙ্গে অতি সম্প্রতি সংঘটিত শিশু রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এই কর্মসূচির মূল স্লোগান ছিল—'কোনো প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE'।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। মানববন্ধনে বক্তব্যে তিনি বলেন, "গত ৫ মাসেই দেশে ১১৮ জন শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ জন শিশু। একের পর এক এ ধরনের জঘন্য ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।"
এমন অবর্ণনীয় পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে