টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে সিয়াম-উল-হক জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে