Views Bangladesh Logo

লালমনিরহাটে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাটের আদিতমারীতে ঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম (৫০) ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘক্ষণ পরও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায়, একপর্যায়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্না বেগমের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। এ অবস্থা দেখে চিৎকার দিলে আমার দেবর ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বুঝে আমরা মরদেহে হাত না দিয়ে সরাসরি পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে সংঘবদ্ধ ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ