Views Bangladesh Logo

ধামরাইয়ে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে নারীর রহস্যজনক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে পরকীয়া সম্পর্কের জেরে লক্ষ্মী রানী (৩০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত প্রেমিক স্বপন অধিকারী (৪০) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী একই জেলার সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের টানে সোমবার রাতে স্বপনের সঙ্গে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। পরে তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। সেখানে উভয়ের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বপন কৌশলে তাকে ঘরে একা রেখে বাইরে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ