ধর্ষণের ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে: আইন উপদেষ্টা
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং জুলাই আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণ ও তার আত্মহত্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন। কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। সরকার ধর্ষকদের বিচারের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
রোববার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘জুলাই গণআন্দোলনে একজন শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো। এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বন্দি আছে (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি। তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট দিবেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।’
মাগুরার সেই শিশু ধর্ষণের বিষয়ে আইন উপদেষ্টা লেখেন, ‘মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে, বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না।’
তিনি আরও লেখেন, ‘বিচারকাজে দু-চারদিন দেরি হলে আপনাদের কষ্ট হয়। সেটা বোধগম্য। কিন্তু বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয়, এর চেয়ে শোচনীয় আর কিছুই হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে