যুদ্ধাপরাধ মামলায় এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিল রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর, আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।
আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, ৩, ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেয় এবং ৫ নম্বর অভিযোগে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করে। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগের শাস্তি বহাল রাখা হয়, তবে ৫ নম্বর অভিযোগে তাকে খালাস দেয়া হয়।
২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ টি এম আজহার রিভিউ আবেদন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে