যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের জন্য এআই চ্যাটবট চালু করল ভিএফএস গ্লোবাল
যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য গ্রাহকসেবা আরও উন্নত করতে ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ ১৪১টি দেশে এআই-চালিত চ্যাটবট চালু করেছে। এই চ্যাটবটটি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ভিএফএস গ্লোবালের এআই সেন্টারে তৈরি করা হয়েছে। এটি গ্রাহকদের তাৎক্ষণিক, নির্ভুল ও সহজলভ্য তথ্য সরবরাহ করবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহৃত এই চ্যাটবটটি মানুষের মতই কথা বলাতে পারদর্শী এবং টেক্সট ও ভয়েস ইনপুটের মাধ্যমে কাজ করতে সক্ষম। এটি যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের ভিসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবে।
ভিএফএস গ্লোবালের এআই টিমের তৈরি এই চ্যাটবটটি দ্রুত এবং কার্যকর গ্রাহকসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবিন কারকারিয়া বলেন, ‘প্রযুক্তি এবং উদ্ভাবন সবসময়ই ভিএফএস গ্লোবালের মূল ভিত্তি। আমরা আমাদের ক্লায়েন্ট সরকার ও গ্রাহকদের জন্য আরও উন্নত ভিসা ও কনস্যুলার পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চ্যাটবটটি ভিএফএস গ্লোবালের নিজস্ব আইটি পরিকাঠামোর ওপর হোস্ট করা হয়েছে এবং এতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডাটা মাস্কিং ও ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য (পিআইআই) সনাক্তকরণ প্রযুক্তি সংযুক্ত রয়েছে। এটি ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা প্রদান করবে এবং ব্যবহারকারীদের মতামত সংগ্রহের মাধ্যমে সময়ের সঙ্গে আরও উন্নত হতে থাকবে।
ভিএফএস গ্লোবাল বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান। যারা জেনারেটিভ এআইসহ প্রযুক্তিগত পরিষেবার মাধ্যমে বিশ্বব্যাপী সরকার ও কূটনৈতিক মিশনের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের সরকারের জন্য ভিসা, পাসপোর্ট ও রাষ্ট্র প্রতিনিধি সংক্রান্ত পরিষেবা এবং প্রশাসনিক কাজগুলো যথাযথ মূল্যায়নের মাধ্যমে কার্যকরভাবে পরিচালনা করে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে