না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক বিমান ভট্টাচার্য
ক্রীড়া লেখক ও প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাংবাদিকদের কাছে তিনি ভালোবাসার ‘বিমান দা’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিমান ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমাম কর্মজীবন শুরু করেন ব্যাংকার হিসেবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরি ছেড়ে পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশ-এ কাজ করেছেন।
ক্রীড়া লেখক সমিতি ছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে