জাতীয় নাগরিক কমিটি থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি
আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কারণে উশ্যেপ্রু মারমা নামে এক সদস্যকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ তৃণমূল বিএনপির হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রার্থী হয়েছিলেন। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না। কাজেই উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হলো।”
এতে আরও বলা হয়, ‘আওয়ামী ‘ফ্যাসিবাদের’ অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সঙ্গে প্রহসনের এক নির্মম চিত্র।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। তবে উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেয়ার পরও কীভাবে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে