ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র: বাইডেন
ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও পাল্টা হামলা পরিচালনা করে তাতে অংশগ্রহণ করবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (১৪ এপ্রিল) হোয়াইট হাউজ এ কথা নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে ১ এপ্রিল সিরিয়া ইরানি কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ’ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
এই হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন ইসরায়েল নিজেকে রক্ষার তাৎপর্যপূর্ণ সক্ষমতা দেখিয়েছে এবং নজিরবিহীন হামলাকে পরাজিত করেছে।
বিবৃতিতে তিনি ও নেতানিয়াহু সম্ভাব্য ইসরায়েলি প্রতিক্রিয়া বা যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয় নিয়ে আলোচনা করেছেন কি না তা সম্পর্কে কিছু বলেননি বাইডেন।
আজ হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন।
ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে কি না জানতে চাইলে কিরবি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও দেশটির নিজেকে রক্ষায় আমাদের অঙ্গীকার লৌহদৃঢ়। প্রেসিডেন্ট যেমন অনেকবার বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চাই না। ইরানের সঙ্গে আমরা যুদ্ধ চাই না। আমি এটুকুই বলবো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে