পোশাক শ্রমিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা
নূন্যতম মজুরির বৃদ্ধির জন্য বাংলাদেশের পোশাক খাতের বিক্ষোভকারী শ্রমিকদের ওপর চালানো সহিংসতা এবং শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
বুধবার (৮ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নূন্যতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংসতা এবং একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে অপরাধীর কাটগড়ায় দাঁড় করানোর ঘটনায় নিন্দা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। সেই সঙ্গে ঢাকার মধ্যে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ইমরান হোসেন (৩২) নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করেছি। আমরা ওই সকল শ্রমিকের পরিবার এবং সকল শ্রমিকগোষ্ঠীর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শ্রমিকদের এবং ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা বাংলাদেশ সরকারকে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে সঠিক তদন্ত করার আহ্বান জানাই।
ম্যাথিউ মিলার আরো বলেন, যে সকল মালিকপক্ষ সঙ্গত কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির অনুমতি দিয়েছে, আমরা তাদের সাধুবাদ জানাই। শ্রমিক ও তাদের পরিবাররা যাতে অর্থনৈতিক চাপের এই সময় মোকাবিলা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা করার আহ্বান জানাচ্ছে।
শ্রমিকরা যাতে স্বাধীনভাবে ইউনিয়ন করতে পারে এবং ভয় ছাড়া যেন তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারে সরকারকে সেই পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গিকারাবদ্ধ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে