‘উদ্বেগ থাকার মানে এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে না যুক্তরাষ্ট্র’
উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার ভাবনা আবারও নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই।’
এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়।
বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রেসনোটের বরাত দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তাবিষয়ক কয়েকটি খাতে কাজ করতে চায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বড় পরিসরে কাজ করা কীভাবে সম্ভব?’ এই প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, সারাবিশ্ব জুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক আছে। আমরা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশে ধরপাকড়ের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি।
কিন্তু এর অর্থ এই নয় যে, উদ্বেগের বিষয় এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য সহযোগিতার খাতগুলোতে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের কাজ করার দায়িত্ব নেই।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে