ট্রাম্পের আরোপিত ১ লাখ ডলার ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১ লাখ ডলারের ফি বাতিল করেছেন দেশটির একজন ফেডারেল বিচারপতি। সোমবার বোস্টনের জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই রায়ে ফি-টিকে ‘অবৈধ কর’ আখ্যা দিয়ে বলেন, মার্কিন কংগ্রেস এর কোনো অনুমোদন দেয়নি।
ডেমোক্র্যাট শাসিত ২০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ‘আইনি আর্থিক জরিমানা’ দাবি করলেও বিচারক সোরোকিন সেই যুক্তি নাকচ করেন এবং বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের এমন কর আরোপের এখতিয়ার নেই।
এর আগে ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বরে এই ফি নির্ধারণ করে। ফি বাড়ানোর আগে নিয়োগকর্তারা সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার পরিশোধ করতেন। চড়া ফি নির্ধারণের পর গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৮৫টি পেমেন্ট জমা পড়েছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, প্রশাসন উচ্চ আদালতে আপিল করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে