খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যার অভিযোগ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ভারত বর্ষপাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সংগঠক মিটন চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১০ নভেম্বর) ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ১২টার সময় খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।’
মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কোনো সংবাদ আমারা পাইনি।
খাগড়াছড়ির পানছড়িতে ১২ দিন আগেও হত্যাকাণ্ড ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে