Views Bangladesh Logo

বাংলাদেশে সব দলকে সহিংসতা পরিহার করতে হবে : জাতিসংঘ

বাংলাদেশে সব দলকে সহিংসতা পরিহার করতে হবে। সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেছেন। জাতিসংঘের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা যায়।

স্টিফেন ডুজারিককে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে। কিন্তু বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করেছে।

এ পর্যায়ে স্টিফেন ডুজারিক বলেন, কী ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই। আপনার প্রশ্নটা কী?

এবার ওই সাংবাদিক বলেন, বিএনপি নির্বাচনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের সন্ত্রাসী কাণ্ড নিয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, এ নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আগে যা বলেছি এখনও তাই বলব। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই।

ওই সাংবাদিক ফের জানতে চান, যাত্রীবোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘ কি এসবের নিন্দা জানাবে না?

উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সহিংসতা যে-ই করুক তাকে আমরা ক্ষমা করি না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ