Views Bangladesh Logo

ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়তে ডিপিআই ও এআই-শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়তে প্রত্যয়ী বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় ও এসপায়ার টু ইনোভেট-এটুআই এর উদ্যোগে রাজধানীর একটি হোটেলে ‘ডিপিআই অ্যান্ড এআই ফর জিরো ডিজিটাল ডিভাইড’ শীর্ষক দুই-দিনব্যাপী (৩০-৩১ অক্টোবর) এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে।


সোমবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক এই সম্মেলন উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি বিভাগ-এর মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ডিজিটাল বিভাজন কমিয়ে আনা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীসহ পুরো দেশের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিকরণে একটি ওপেন প্ল্যাটফর্ম অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই অবকাঠামোর নাম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই)।”

জুনাইদ আহমেদ পলক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গত ১৫ বছরে আমরা ‘বটম আপ অ্যাপ্রোচে’ প্রান্তিক জনগণের জন্য ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছি। প্রায় ৯ হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামে গ্রামে নাগরিক সেবা পৌঁছে দিয়েছি। এই সেন্টারগুলোর উদ্যোক্তাদের মধ্যে বড় অংশ হচ্ছেন নারীরা।”

দুই-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ডিপিআই ও এআই নির্ভর আগামীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সেক্টরভিত্তিক ১৪টি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। গাম্বিয়া, সাও টোমে এবং প্রিন্সিপসহ বিভিন্ন দেশের মন্ত্রীসহ দেশী-বিদেশি বিশেষজ্ঞরা উক্ত সেশনগুলোতে অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রযুক্তি বিষয়ক দূত আমানদীপ সিং গিল বিশ্বে জিরো ডিজিটাল ডিভাইড কাজ করার গুরুত্ব নিয়ে কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি খাতের নেতৃবৃন্দ, একাডেমিয়া, উদ্যোক্তা এবং দেশ-বিদেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের সাইড ইভেন্টে ডিজিটাল বৈষম্যহীন বিশ্ব গড়তে ‘ই-কোয়ালিটি সেন্টার ফর জিরো ডিজিটাল ডিভাইড’ উদ্বোধন করা হয়। এর পটভূমিতে বৈশ্বিক গুরুত্বের ওপর ভিত্তি করে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ