Views Bangladesh Logo

বগুড়ায় বিষাক্ত মদপানে দু'জনের মৃত্যু, অসুস্থ দুজন

বগুড়ায় চোলাই মদপানের একদিন পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মৃতরা হলেন, শহরের ঠনঠনিয়া হাঁড়িপাড়া এলাকার চেংটু ও রাসেল। বগুড়া শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাসেলের মৃত্যু হয়। অন্যজনকে হাসপাতালে নেয়া হয়নি।

শুক্রবার (২৮ মার্চ) রাতেই এ দু'জন মারা যান।

অসুস্থরা হলেন, সনি ও এনামুল হক পিলু। তাদের মধ্যে পিলু বগুড়ার মোহাম্মদ আলী ও সনি শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ পিলুর ভাই এমদাদ হোসেন স্বীকার করেন, তার ভাইসহ অন্যরা বিষাক্ত মদপানে অসুস্থ হন।

পিলু জানান, গত ২৭ মার্চ সন্ধ্যায় তারা চারজন একত্র হয়ে চোলাই মদপান করেন। পরদিন সন্ধ্যায় তারা চারজনই অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, তাদের মধ্যে চেংটু মদ কেনেন। তিনি চকসূত্রাপুর এলাকার সেলিম হোটেলের পাশে থেকে মদ কিনে এনেছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুনতাসির রহমান জানান, বিষাক্ত মদপানে অসুস্থ পিলু মোটামুটি ভালো আছেন। তার অবস্থার অবনতি হলে বা প্রয়োজন অনুভব করলে তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হবে।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়াদুদ আলম বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তার হাসপাতালে দু'জন ভর্তি হয়েছিলেন। রাসেল রাত সাড়ে তিনটার দিকে মারা যান। আর সনিকে শনিবার (২৯ মার্চ) সকালে হাসপাতালে নেয়া হয়। তিনি চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, রাসেলের মরদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। কারণ, তাকে ভর্তির সময় পুলিশ কেস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুদ্দিন বলেন, 'বিষাক্ত মদপানে কারও মৃত্যুর খবর আমার কাছে নেই। তবে শুনেছি অতিরিক্ত মদপানে দু'জন মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ কবর দেয়া হয়েছে। তাদের স্বজনেরা চাইলে অবশ্যই মরদেহের ময়নাতদন্ত করা হত। কিন্তু তারা তা চাননি'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ