Views Bangladesh Logo

শিশু শিক্ষার্থীদের ‘পচা’ খাবার সরবরাহ, মাদারীপুরে গ্রেপ্তার ২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে নিম্নমানের ও খাওয়ার অযোগ্য খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। তারা ‘সমতা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে প্রকল্পের খাবার সরবরাহ কার্যক্রমে যুক্ত ছিলেন।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, একটি স্কুল ফিডিং প্রকল্পে পচা খাবার সরবরাহের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তে নষ্ট ও খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির ভূমিকা ও দায়দায়িত্বের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

কিছুদিন আগে মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সরকার তদন্তের নির্দেশ দেয় এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

এ ঘটনায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ