গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন ট্রাম্প: সিক্রেট সার্ভিস
হোয়াইট হাউসের কাছে গোলাগুলির সময় ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে এই তথ্য জানায় সিক্রেট সার্ভিস।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের অদূরে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে এক বন্দুকধারীর এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে সন্দেহভাজন ওই বন্দুকধারী নিহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, ট্রাম্প অক্ষত আছেন। নিরাপদে আছেন।
সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে হোয়াইট হাউসের কাছে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় আচমকা এক ব্যক্তি তাঁর ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করেন। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। তবে ক্রসফায়ারে পড়ে এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তরুণের নাম নাসির বেস্ট (২১)। তিনি আগে থেকেই সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এর আগে ২০২৫ সালের জুলাই মাসেও তিনি জোরপূর্বক হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেছিলেন। সে সময় তাঁকে গ্রেপ্তার করে একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছিল।
এই ভয়াবহ ঘটনার পর হোয়াইট হাউসসহ পুরো ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হোয়াইট হাউসের চারপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে