পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু
পদ্মা সেতুতে সড়ক যোগাযোগ চালুর পর আজ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে রেল যোগাযোগ। পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে যাওয়ার জন্য প্রস্তুত ট্রেন। পরীক্ষামূলক চলাচল করা ট্রেনটিতে চালক হিসেবে রয়েছেন মো. এনামুল হক।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেনটিতে চালকের আসনে বসে মো. এনামুল হক বলেন, আজ বাড়তি ভালোলাগা কাজ করছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো যাত্রী নিয়ে ট্রেন যাত্রা শুরু করবে।
আমি এর আগেও বিভিন্ন জায়গায় ট্রায়াল রান করেছি, স্পেশাল ট্রেন চালিয়েছি। তবে আজ বাড়তি ভালোলাগা কাজ করছে, কারণ পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চালাবো, এর চেয়ে ভালো অনুভূতি আর কী হতে পারে।
এনামুল হকের সঙ্গে রয়েছেন সহকারী লোকো মাস্টার আবুল কাশেম। তিনি বলেন, আমি এর আগেও প্রথম ট্রায়ালে ছিলাম। আজ অফিসিয়ালি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালু হচ্ছে। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ট্রেনের সবকিছু প্রস্তুত রয়েছে। সব সিগন্যাল ঠিক থাকলে আজ ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে চলবে। যদি এই গতিতে স্বাভাবিকভাবে যেতে পারি তাহলে ১ ঘণ্টা ৫০ মিনিটের মতো সময় লাগতে পারে।
প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে