Views Bangladesh Logo

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে এ মামলার চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত।

মামলার নথি থেকে জানা যায়, পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজ রুমে নেয়। সাড়ে ১০টার দিকে রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে থাকেন। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা ও অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে গিয়ে শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ এবং মাথা একটি বড় বালতির ভেতরে দেখতে পান।

পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে এসে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। গত ২২ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ