শেখ হাসিনাকে টনি ব্লেয়ারের অভিনন্দন
টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সেইসঙ্গে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার নেপথ্যে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি।
এক অভিনন্দন বার্তায় টনি ব্লেয়ার বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য। এই নির্বাচনের ফলাফলই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব ও আন্তরিকতার গুণে বাংলাদেশ বিগত বছরগুলোতে অভূতপূর্ব উন্নয়ন করেছে।
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাফল্যের ধারা বহুমুখী। এই সাফল্যের চালিকাশক্তি হচ্ছে শক্তিশালী রপ্তানি খাত, উদীয়মান মধ্যবিত্ত শ্রেণি এবং তরুণ ও শিক্ষিত জনশক্তি।
টনি ব্লেয়ার বলেন, আমার বিশ্বাস, আবারও আপনি নেতৃত্বে আসায় বাংলাদেশ সুশাসনের পথে মাইলস্টোন স্থাপন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
এ ছাড়াও শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন টনি ব্লেয়ার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে