Views Bangladesh Logo

গবেষণা প্রতিবেদক নিয়ে জাতীয় সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম ১০০ দিন নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর জাতীয় সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের গবেষণা প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়াকে তারা ইতিবাচকভাবে দেখছে এবং এসব আলোচনা সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

টিআইবি উল্লেখ করে, স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে সংস্থাটি কোনো তদন্তকারী সংস্থা নয়; বরং এটি গবেষণাভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা সুশাসন ও দুর্নীতিবিরোধী নীতিগত সংস্কারের ওপর কাজ করে।

সংস্থাটি আরও জানায়, তাদের গবেষণায় সামাজিক বিজ্ঞানভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন সরকারি, বেসরকারি ও মানবাধিকার সংস্থার উৎস থেকে এবং তা একাধিক ধাপে যাচাই-বাছাইয়ের পর বিশ্লেষণ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং তিনটি মানবাধিকার সংস্থার তথ্য ব্যবহারের বিষয়টি প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ ছিল বলেও জানায় টিআইবি। তাই ‘শুধু পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি’– এমন মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছে সংস্থাটি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে টিআইবি প্রশ্ন তুলে জানায়, নীতিনির্ধারণী পর্যায়েও গণমাধ্যমের তথ্য ব্যবহৃত হয়, তাই সেটিকে পুরোপুরি অগ্রাহ্য করার সুযোগ নেই।

পুলিশের প্রতিক্রিয়ার বিষয়ে সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মূল পর্যবেক্ষণের সঙ্গে সরাসরি দ্বিমত করা হয়নি। তবে অতীতের বিভিন্ন সময়ের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের প্রত্যাশা গবেষণার পরিধির বাইরে ছিল, তাই সে বিষয়ে মন্তব্য প্রযোজ্য নয়।

টিআইবি আরও বলেছে, তাদের গবেষণাকে ভুলভাবে উপস্থাপন করে মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ