টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে বাসাইল-ভাতকুড়া আঞ্চলিক সড়কের বাংড়া কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বাংড়া এলাকার প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৬), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সুলাইমান মিয়ার ছেলে সাইমন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে চলা টাঙ্গাইলগামী একটি নিবন্ধনবিহীন সিএনজি বাংড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত লিমন ও সাইমনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সাইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথেই তার মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে