জুলাই আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: উপদেষ্টা
গণঅভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম।
রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফারুক-ই আজম বলেন, গণঅভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।
গণঅভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।
চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেয়া হবে।
ফারুক-ই আজম বলেন, ‘আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।’
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে