বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে সন্ত্রাসীরা: শ্রিংলা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও দেশটির সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে ছাত্র নয়, সন্ত্রাসীরা’।
শনিবার (৮ ফেব্রুয়ারি) কলকাতার বিধাননগরে 'ইন্ডিয়াস ফরেন পলিসি রোডম্যাপ উইথ ফোকাস অন ইমিডিয়েট নেবারহুড’ শীর্ষক অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িই নয়, এটি ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, আর্কাইভ ও নথিপত্র। আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা’।
‘এর পেছনে কোনো ছাত্র ছিল না, যারা ছিল তারা সবাই সন্ত্রাসী। এটা বাংলাদেশের মানুষের জন্য মোটেও সুখকর নয়’- বলেন তিনি।
শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ নিরাপদে থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। তাই দেশে অস্থিতিশীলতা বা প্রতিকূল পরিস্থিতি থাকলে আমাদের দেশেও তার প্রভাব পড়বে’।
সম্প্রতি বাংলাদেশে পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আখ্যান বদলে গেছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে