যথাসময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যথাসময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। আমরা থেমে থাকবো না– প্রকল্প বাস্তবায়ন করেই ছাড়ব।
তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প শুরু হবে। পরবর্তীতে দেশের প্রতিটি প্রকৃত হতদরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। সরকারি সহায়তা সরাসরি ও স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য।
মন্ত্রীর বলেন, আসন্ন শুকনা মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশের খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চলতি বছরে দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতিতে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমিকম্পের ঘটনায় খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও আমাদের দায়িত্ব।
এছাড়া তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় আদর্শ বজায় রেখে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। সাধারণ মানুষের সেবায় সক্রিয় ভূমিকা রাখুন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন। আমরা সবাইকে সহযোগিতা করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে