Views Bangladesh Logo

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ

বান্দরবানের থানচি উপজেলা সদর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (২৪ মে) সকালে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে দুপুরে থানচি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কিশোর শিশুটির প্রতিবেশী। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে শিশুটিকে বাসায় রেখে তার বাবা-মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। বিকেলে বাড়ি ফিরে তারা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। এরপর থানায় যোগাযোগ করে অভিযোগ করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই কিশোরকে আটক করে। আইনি প্রক্রিয়ার জন্য ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকদেরও থানায় নেওয়া হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌফিক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশের দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, গত বছর বান্দরবান জেলায় ১১ জন শিশু ও দুজন গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গত বছরের ৫ মে জুমখেতে কাজে গিয়ে চিংমা খিয়াং নামের এক নারী হত্যাকাণ্ডের শিকার হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ