Views Bangladesh Logo

বিপিএলের ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম

তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। আবারও মেজাজ হারালেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পেলেন শাস্তিও। তার বিরুদ্ধে উঠা অভিযোগ স্বীকার করে নেয়ায় তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত বৃহস্পতিবার বিপিএলের সিলেট পর্বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘটনাটি ঘটেছিল। ওই ম্যাচের শেষ ওভারে তিনটি চার ও তিনিট ছক্কা হাঁকিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

রুদ্ধশ্বাস ম্যাচে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায় বরিশাল অধিনায়ককে। পরে এক সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইংলিশ ক্রিকেটার হেলস।

হাত মেলানোকে কেন্দ্র করে এই দুই ক্রিকেটারের মধ্যে ঘটনার সূত্রপাত হয়।

জানা যায়, তামিমকে উদ্দেশ্য করে অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন হেলস। সেটি ভালোভাবে নিতে পারেননি তামিম। হেলসকে উদ্দেশ্য করে তামিম বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

তামিমের কথার জবাব দেন হেলসও। কথা কাটাকাটির এক পর্যায়ে হেলসের দিকে তেড়ে যান তামিম। অন্য ক্রিকেটার ও কোচিং স্টাফরা দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

এই ঘটনার পর হেলস জানান, “আমার মনে হয়, ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, ‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।”

ওই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন নিয়ামুর রশীদ রাহুল। তিনি জানান, হেলসের কথাও শুনেছেন তারা। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সংবাদ মাধ্যমকে যা বলেছে হেলস, সেটি তারা বিবেচনায় নেবেন না। ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, মাঠে তেড়ে গেছেন তামিম। যা কোড অব কনডাক্টের লেভেল-১ (২.৬) ভঙ্গ হয়েছে। তাই তামিমকে সতর্ক করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ