বাংলাদেশের বন্যার্তদের জন্য ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা দিল সুইডেন
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গার (এএএইচ) এর মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৮৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২২.২ কোটি টাকা মানবিক সহায়তা দিয়েছে সুইডেন।
বৃহস্পতিবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, এই মানবিক সহায়তা প্রায় ৯৫ হাজার মানুষের মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বাসস্থান এবং জীবিকা নির্বাহের কাজে আসবে। যার ফলে ৫,৮০০ শিশুকে স্কুলে যাওয়ার সুযোগ পাবে।
এতে আরও বলা হয়েছে, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) উত্তরণ, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি) এর মাধ্যমে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায় ৩,০১৫ পরিবারকে নগদ অনুদান, ১,৫০০ পরিবারকে আশ্রয়ের কিট এবং ২৯টি স্কুল পুনরায় চালু করার জন্য নগদ অর্থ প্রদান করা হবে।
ফেনী ও নোয়াখালী জেলার ৬,৫০০ পরিবারকে নগদ অনুদান ও স্বাস্থ্যবিধি কিট দেবে ইসলামিক রিলিফ।
অন্যদিকে ডেনিশ শরণার্থী কাউন্সিল (ডিআরসি) উত্তরণের মাধ্যমে নোয়াখালী ও কক্সবাজার জেলায় ৭৫০ পরিবারকে নগদ অনুদান, ১,২০০ পরিবারকে কৃষি উপকরণ এবং পানীয় জলের পয়েন্ট, সেচ চ্যানেল, মাছ চাষের জন্য পুকুর, কৃষি ক্ষেত এবং আশ্রয়কেন্দ্রসহ ক্ষতিগ্রস্তদের অবকাঠামো মেরামত ও পরিষ্কার করার জন্য নগদ অর্থ প্রদান করা হবে।
অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গার (এএএইচ) এবং শুশীলনের মাধ্যমে ফেনী ও নোয়াখালী জেলার ২ হাজার জনকে মানসিক স্বাস্থ্যসেবা ও মনোসামাজিক সহায়তা দেয়া হবে। এ ছাড়াও এই দুই জেলার ১ হাজার পরিবারকে নগদ অনুদান এবং ১২০ জন গর্ভবতী নারীকে নগদ সহায়তা, ১ হাজার শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা এবং ১৮০ জন শিশুর জন্য পুষ্টি ভাউচার প্রদান করবে সুইডেন। এর পাশাপাশি তাদের অর্থায়নের দ্বারা ৬৪০ জন নারীকে স্বাস্থ্যবিধি কিট প্রদান করা হবে। সেই সঙ্গে তাদের জন্য ২৫০টি ওয়াটার পয়েন্টের ব্যবস্থা ও ২৮০টি শৌচাগার তৈরি করা হবে।
এ ছাড়াও কয়েক দিনের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে সুইডেনের এই তহবিলটি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারের ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছানোর অনুমোদন দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
উল্লেখ্য, সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যেটি সম্প্রতি পূর্ব বন্যায় সাড়া দিতে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
২০২৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (১৪৬ কোটি টাকা)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে