এমপি আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২১ অক্টোবর ধার্য করেছেন আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) এমপি আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মহবুবুল হক পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ৮ আগস্ট মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল।
তার আগে গত ১২ মে সন্ধ্যায় শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য ওই দিন (১২ মে) সীমান্ত অতিক্রম করে ভারতে আসেন এমপি আনার। সেখানে যাওয়ার পর তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন। পরদিন দুপুরে তিনি ডাক্তার দেখানোর উদ্দেশে বন্ধুর বাড়ী থেকে বের হন এবং সন্ধ্যায় তার ফিরে আসার কথা ছিল। তবে আনারের ফোন থেকে আসা একটি হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, তিনি পরবর্তীতে দিল্লি গেছেন এবং প্রয়োজনে ফোন করবেন।
তারপর থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। অবশেষে ভারতীয় পুলিশের বরাত দিয়ে ২২ মে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে