ঢাবির হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে এ ঘোষণা দেয়া শুরু করে হল কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো-শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মহসীন হল, জসীম উদ্দিন হল, বাংলাদেশ-কুয়েত কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল।
জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টায় এসব হলের সাধারণ শিক্ষার্থীরা একযোগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন হল প্রাধ্যক্ষরা।
অঙ্গীকারনামায় শিক্ষার্থীরা বলেন, কবি সুফিয়া কামাল হলে কোনো প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, শিবির) ইত্যাদি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এ দায় প্রশাসনের। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সব ধরনের গণরুম বিলুপ্ত করতে হবে। পলিটিক্যাল গণরুমের মেয়েদের যত দ্রুত সম্ভব লিগ্যাল সিট দিতে হবে। কবি সুফিয়া কামাল হলে কোনও রকম রাজনীতি থাকবে না। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে