নেত্রকোনায় খাবার দিতে দেরি হওয়ায় মাকে হত্যা, ছেলে আটক
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুনি রাজভর (৫০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে শ্যামল রাজভর (২৪)–কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্যামল রাজভর মায়ের কাছে খাবার চান। এ সময় কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবুনি রাজভরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায়ও ভুগছিলেন। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং মো. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আটক শ্যামল রাজভরকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে