Views Bangladesh Logo

বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িত: মির্জা আব্বাস

ওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে অনুপ্রবেশ করে সারা দেশে চাঁদাবাজি করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, একই সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। তাদের প্রতিহত করতে হবে। অল্প কিছু লোকের দোষের দায় বিএনপি নেবে না।

বুধবার (১২ মার্চ) দুপুরে শাহজানপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে থানা বিএনপি আয়োজিত তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র সংস্কারে ৩১ দফা’র প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ঢাকা সিটির সাবেক এই মেয়র বলেন, আপনাদের বিরুদ্ধে অনেক বদনাম করা হচ্ছে। তার অপকর্ম করে, চাঁদাবাজি করে, দুষ্কর্ম করে দায় চাপিয়ে দেয় বিএনপির ওপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে। তাদের প্রতিহত করতে হবে মুখের কথা অথবা কাজে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার বার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে। সাবধান থাকবেন।

তিনি বলেন, আপনাদের সবার নামে না, দুই-একজনের নামে অভিযোগ আছে। আমরা একটা এলাকায় এক‘শ কর্মী আছে দুইটা কর্মী খারাপ বদমাইশি অপকর্ম করে। যদি হয় আমার ৯৮জন কর্মী তো খারাপ না। সুতরাং দুজন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালিমা লিপ্ত হবে এটা হতে দেওয়া যাবে না। যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে, অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এখন দলের মধ্যে আছে। সব দলেই আছে, বিএনপিতে আছে, জামায়াতে আছে এবং অন্যান্য সংগঠনের ঢুকে গেছে তারা, সব দলে কম-বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্তদের চিহ্নিত করেন, চিহ্নিত করে ওদের দল থেকে বের করে দেন অথবা পুলিশকে সোপর্দ করেন।

মির্জা আব্বাস বলেন, ওরা ঢুকতে পারে কিন্তু চিহ্নিত করে একটা একটা করে দল থেকে বের করে দেবেন, দলে ওদের অবস্থান হবেনা। বিএনপিতে কোনো অপকর্মকারী, কোনো দুষ্কৃতকারী, কোনো চাঁদাবাজির জায়গায় বিএনপিতে নাই, হবে না। কেন খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না, এই কথা মনে রাখবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ