সিরিজ বাঁচানোর লড়াইয়ের আগে সময় চাইলেন কোচ ফিল সিমন্স
সফরকারী জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শুকাতেই সামনে আরেকটি ম্যাচ।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। কেননা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন জিম্বাবুয়ে। এই ম্যাচের আগে চট্টগ্রামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর এই ক্যারিবিয়ান বললেন, টেস্ট ক্রিকেটে রাতারাতি উন্নতি করা সম্ভব নয়। দলকে সঠিক পথ ধরে এগিয়ে যেতে হবে। এজন্য সময় প্রয়োজন এবং ধৈর্যধারণ করতে হবে।
জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্স ঘিরে দেশের ক্রীড়াঙ্গণে যে সমালোচনার ঝড় উঠেছে, এর প্রেক্ষিতে কোচ সিমন্স বলেন, ‘অবশ্যই আমি ধৈর্য ধরার কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশের মানুষদের। আমি জানি, তারা খেলাটির প্রতি কতটা আবেগপ্রবণ। নিজেদের দলকে ভালো করতে দেখতে চায় তারা। তাই আমি ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা ভালো খেলার জন্য সব কাজ চালিয়ে যাচ্ছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, নতুন কিছু করে দেখাতে চান তারা। কিন্তু ঘুরে ফিরে সিলেটে প্রথম টেস্টে সেই পুরোনো গল্প রচিত হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় সর্বস্ব হারানো জিম্বাবুয়ের কাছে হারটিতে আর মুখ থাকল না শান্তদের! অবশ্য দুঃসময়ে শিষ্যদের পাশে দাঁড়ালেন কোচ সিমন্স।
তিনি বলেন, ‘আমরা জানি, প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি। নিজেদের সমস্যায় ফেলেছি। এখন আমাদের ভাবনা হলো, ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই। এমন না যে, সারা দিন ব্যাটিং করে ২০০ রান করব।’
তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যমে বারবার পালাবদলের কথা বলা হয়। যেখানে যেতে চাই, আমাদের সেখানে পৌঁছতে কিছুটা সময় লাগবে। তাদের (ক্রিকেটার) প্রতি আমার বার্তা হলো, আগের ম্যাচে কিছু আলগা শট ছিল এবং কিছু সফট ডিসমিসাল ছিল। তবে আমাদের নিশ্চিত করতে হবে সামনে যেন এটি উন্নতি হয়। টানা এক-দুই-তিন টেস্ট ধরে একই কাজ করতে পারি না।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে