সাংবাদিক হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে উদ্বেগ সুজনের
বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি–র চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করায় এখন টিভি চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাশাপাশি তাদের সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এমনকি নিরাপত্তাকর্মীদের কাছে তাদের ছবি সরবরাহ করে কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
কর্মরত সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর টিভি কর্তৃপক্ষ কোনো ধরনের ‘নিয়ন্ত্রণ’ আরোপ করতে পারে কি না—এ প্রশ্ন তুলে সুজন জানায়, কারণ দর্শানোর চিঠিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের ফেসবুক পোস্টের উল্লেখ রয়েছে। সেখানে পোস্ট মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে; অন্যথায় টিভি ও সাংবাদিকেরা সমস্যায় পড়তে পারেন বলে নোটিশে উল্লেখ আছে।
বিষয়টি নিয়ে অবিলম্বে এখন টিভির মালিক ও সম্পাদকদের অবস্থান এবং নীতিমালা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সুজন। একই সঙ্গে দ্রুত একটি যৌক্তিক সমাধান চেয়ে চার সাংবাদিকের সংবাদকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে