Views Bangladesh Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী ও চালক।

জানা গেছে, চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হলে সকাল থেকেই ওই মহাসড়কের সোনারগাঁ অংশের লেনে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় এই অবস্থায় সৃষ্টি হয়। এর ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।

বাধন পরিবহনের যাত্রী আসলাম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারিনি।’ অন্যদিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া শাহাবুদ্দিন নামে এক পরিবহন চালক বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এই যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কের এই অচলাবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও কমে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ