Views Bangladesh Logo

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘর থেকে ইংরেজীতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানা মাহাদির মরদেহ উদ্ধার করে।

নিহত মাহাদি আনজুম (১৫) সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলি বিনতে রহিমের ছেলে। মাহাদি সিলেট ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন মাহাদি। ফ্ল্যাটে যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিলো, মরদেহের যেনো কোন ময়না তদন্ত না করা হয় এবং পুলিশ যেনো এ ঘটনার কোন তদন্ত না করে।

পুলিশ সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ