প্রথমবারের মতো হাইকোর্টে বিচারপতি নিয়োগে আবেদনপত্র চেয়েছে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে প্রশাসন জানিয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত এবং অধ্যাদেশের ৭ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ইতোমধ্যে অনেক প্রার্থী নির্ধারিত ফরমে আবেদন জমা দিয়েছেন।
কাউন্সিল সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নিয়ে আরও আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানিয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে ২২ জুনের মধ্যে প্রয়োজনীয় নথি এবং পাসপোর্ট সাইজের একটি ছবিসহ আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন ডাকযোগে বা সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে এসে জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে নির্ধারিত ফরমে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন জমা দেয়ার প্রয়োজন নেই।
এটি দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। কারণ প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ জারি করে সরকার, যার মাধ্যমে হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য কাউন্সিল-ভিত্তিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে