নিয়ম ভেঙে হজের চেষ্টা, বাংলাদেশিসহ ১৩ জনকে আটক করল সৌদি কর্তৃপক্ষ
সৌদি আরবে হজের নির্ধারিত আইন ও নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ও ভারতের প্রবাসীসহ মোট ১৩ জন এবং এক সৌদি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি হজ নিরাপত্তা বাহিনী।
প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকা দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কারও কাছেই হজ পালনের বৈধ পারমিট ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
দ্বিতীয় অভিযানে মক্কায় নিরাপত্তা টহল দল বাংলাদেশ ও ভারতের চারজন প্রবাসীকে আটক করে। অভিযোগ অনুযায়ী, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। এ সময় জাল পরিচয়পত্র, ভুয়া নথিপত্র এবং প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।
তৃতীয় অভিযানে অবৈধভাবে তিন আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা চলাকালে এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগানদের কাছেও হজের বৈধ অনুমতি ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে