ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনের চেষ্টায় সৌদি আরব
বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে সৌদি আরব।
শুক্রবার (২৫ এপ্রিল) নাম প্রতাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা রোধে দেশটির সরকার এ প্রচেষ্টা চালাচ্ছে’।
‘দুই দেশই সৌদি আরবের মিত্র এবং আমরা চাই না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক’- বলেন তিনি।
এএফপি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে মঙ্গলবারের (২২ এপ্রিল) হামলায় ২৬ জন পুরুষ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ পাল্টাপাল্টি প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে।
নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করছে। অভিযোগ ও এই হামলায় প্রত্যক্ষ-পরোক্ষ কোনো ভূমিকা অস্বীকার করেছে পাকিস্তান।
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখাজুড়ে সেনাদের মধ্যে গুলি বিনিময়ের পর উভয়পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তার ভারতীয় ও পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন।
তার কার্যালয় জানিয়েছে, আলোচনার সময় পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা পর্যালোচনা করেছেন ফারহান।
১৯৪৭ সালে স্বাধীনতার সময় কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয়া হয়। তার পর থেকে সমগ্র ভূখণ্ডের সার্বভৌমত্ব দাবি করে আসছে উভয় দেশই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে