Views Bangladesh Logo

টাইটানিক দৃশ্যের আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের ব্যঙ্গাত্মক ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্প ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে উপস্থাপন করা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই ভাস্কর্যটি তৈরি করেছে। বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক–এর একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্য ওয়াল্ড’ শিরোনামে শিল্পকর্মটি নির্মাণ করা হয়।

ভাস্কর্যটিতে সোনালি রঙে দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের প্রতিরূপের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে— যা সিনেমার জ্যাক ও রোজ চরিত্রের বিখ্যাত দৃশ্যের অনুকরণ।

শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের নজরে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং ‘গোপন আঁকা ছবি’র উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ ছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেটস ক্যাপিটলের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক আমেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারগুলোতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীক থাকলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

জানা গেছে, ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা এটি তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ শিরোনামে তাদের হাত ধরে থাকা আরেকটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।

শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে ন্যাশনাল পার্ক সার্ভিসের কাছ থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেছে। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে, তা এখনো নিশ্চিত নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ