Views Bangladesh Logo

নতুন করে চারদিনের রিমান্ডে সালমান, আনিসুল, পলক, শমসের

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র গণআন্দোলনে পারভেজ মিয়া হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ দুজনকে চারদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

অন্য দুজন হলেন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমসের মবিন চৌধুরী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চার আসামিকে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালত।

আসামিপক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন জানালেও নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন নিহতের মা।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত ১২টি মামলায় সালমান এফ রহমানের ৬৪ দিন এবং বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৫ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। বিভিন্ন মামলায় তার এখন পর্যন্ত ৬৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৭ অক্টোবর তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ