বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেলায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশের বিশ্বকাপ না খেলার বিষয়ে মুখ খুলেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সামনে সালাউদ্দিন বলেন, উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে, আমরা এটা মানতে পারছি না।
এর আগে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে বক্তব্য পাল্টে তিনি বলেছেন, এটি সরকারের নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত ছিল।
সালাউদ্দিন আরও বলেন, আমার দুই খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের ওই টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। এক সেকেন্ডে একটি দলকে নষ্ট করা সম্ভব।
উল্লেখ্য, আসিফ নজরুল ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের সামনে বলেন, কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার জন্য স্যাক্রিফাইস করেছে।
তবে সমালোচনার মুখে তিনি পরে নিজের বক্তব্য থেকে সরে আসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে